আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ জুলাই: খড়দহ লেভেল ক্রসিং গেটে বড়সড় দুর্ঘটনা। দুটি গাড়িতে ধাক্কা মারল শিয়ালদহগামী ডাউন হাজার দুয়ারী এক্সপ্রেস। গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহগামী ডাউন হাজার দুয়ারী এক্সপ্রেস খড়দড় স্টেশনে ঢুকে পড়ায় গেটম্যান গেট নামিয়ে দেন। সেইসময় রহড়ার দিকে যাওয়া দুটি গাড়ি লেভেল ক্রসিং গেটের চার নম্বরের দিকে আটকে পড়ে। আচমকা গেট নামিয়ে দেওয়ায় উবের গাড়ির ওপর গেট পড়ে যায়। এদিকে ট্রেন ঢুকে পড়ছে দেখে, বাঁচতে গিয়ে পেছন থেকে একটা স্করপিও গাড়ি উবের গাড়ির পিছনে ধাক্কা মারে। ইতিমধ্যেই সিগন্যাল পেয়ে হাজার দুয়ারী এক্সপ্রেস উবের ও স্করপিও গাড়ি দুটির পিছনে ধাক্কা মেরে খানিকটা দূরে দাঁড়িয়ে যায়। ধাক্কায় উবের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, দুটি গাড়িতে যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। তবে, উবের গাড়ির চালক খানিকটা আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যান ও কন্ট্রোল রুমের সমন্বয়ের অভাবেই এই বিপত্তি। এরপরই স্থানীয়রা এবং যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। খড়দহ থানার পুলিশ ও রেল পুলিশ যৌথ ভাবে বেশ কিছুক্ষণ পরে রেল গেটে আটকে পড়া গাড়ি দুটিকে সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গেটম্যানের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। তাদের বক্তব্য, লেভেল ক্রসিংয়ের ভেতরে দুটি গাড়ি থাকা সত্ত্বেও কি করে হাজার দুয়ারী এক্সপ্রেসকে সিগন্যাল দেওয়া হল?

