সাথী দাস, পুরুলিয়া, ১৫ এপ্রিল: ঝালদায় তপন কান্দুর খুনের ঘটনায় নরেন কান্দু ও আশিক খান যুক্ত রয়েছে বলে জানালেন ধৃত কলেবর সিং। ১৩ মার্চ তপন কান্দু খুনের দিন সকালে ঝালদায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়া নিয়েও মুখ খুললেন কলেবর। তিনি জানান, ওই দিন সকালে তাঁর সঙ্গী ছিলেন মোটর সাইকেল চালক জয়ন্ত সিং। তাঁর বাড়ি ঝাড়খন্ডের বোকারোতে।

আজ জেলা আদালতে তোলার সময় কলেবরকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “তপন খুনে নরেন ও আশিক যুক্ত।” আজ আদালতে তোলা হলে তাঁকে ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুরুলিয়া ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড সেলের পক্ষ থেকে দেওয়া তাঁর আইনজীবী তন্ময় চক্রবর্তী জানান, “কলেবর সিং সিবিআই হেফাজতে ছিলেন। আর তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আদালতে করা হয়নি। ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।”

