স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ নভেম্বর: ইটাহার থানার কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের চুরামন খান পাড়ায় আইনুদ্দিন খান নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। ইটাহার থানার পুলিশ জানিয়েছেন, মৃতদেহে কোথাও আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হল পুলিশের কাছেও পরিস্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারন পরিস্কার হবে।
জানা গেছে, ইটাহার থানার চূড়ামন খানপাড়ায় আইনুদ্দিন নামে এক কিশোরকে স্থানীয় বাসিন্দারা বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাকে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, আইনুদ্দিনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে দুষ্কৃতিরা বাঁশ ঝাড়ে ফেলে গেছে। তবে ইটাহার পুলিশ জানিয়েছেন, মৃত কিশোরের শরীরের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখে মাটি লেগে আছে। কি কারনে বাঁশঝাড়ে গিয়েছিল সেবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারন পরিস্কার হবে।

