আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২ মে: পদ্ম ঝড়ে জেলার ৫টি বিধানসভা আসনেই কার্যত উড়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। চা-বলয়ে ঘেরা আলিপুরদুয়ারে গণনার প্রথম থেকেই নিজেদের আধিপত্য জমালো বিজেপি প্রার্থীরা। পাশাপাশি সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট বিগত লোকসভায় প্রাপ্য ভোটের আশেপাশেই থেকে গেল। তবে ফালাকাটা আসনটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিছুটা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকেও হারের মুখ দেখতে হয়।
আলিপুরদুয়ার বিশ্ব বিদ্যালয়ে নির্দিষ্ট সময়েই শুরু হয় ভোট গণনার কাজ। ত্রস্তরীয় নিরাপত্তা বলয় এবং নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া কোভিড বিধি মেনে রীতিমতো কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়েই গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। রাজ্যের অনান্য প্রান্তের চিত্র কিছুটা আলাদা হলেও চা-বলয়ে ঘেরা আলিপুরদুয়ার জেলার ৫টি আসনেই গণনার প্রথম রাউন্ড থেকেই বিজেপি প্রার্থীরা এগিয়ে যেতে থাকেন। দিনের শেষে জেলার মাদারিহাট আসনে গতবারের বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা এবারেও তার জয়ের ধারা অব্যাহত রাখেন। এবার মনোজ টিজ্ঞার প্রাপ্ত ভোট ৯০,৭১৮টি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজেশ লাকড়া পেয়েছেন ৬১,০৩৩টি ভোট। জয়ের ব্যাবধান ২৯৬৮৫ ভোট। এই আসনে সংযুক্ত মোর্চার তরফে আরএসপি’র সুভাষ লোহার পেয়েছেন মাত্র ৭,০৭২টি ভোট।

আলিপুরদুয়ার বিধানসভায় বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসের সৌরভ চক্রবর্তীকে ১৬,০০৭ভোটে পরাজিত করেন। এই আসনে বিজেপির প্রাপ্ত ভোট ১,০৭,৩৩৩টি। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯১,৩২৬টি ভোট। সংযুক্ত মোর্চার তরফে জাতীয় কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ রায় পেয়েছেন মাত্র ১৫,৬৫১টি ভোট।
কালচিনি বিধানসভা আসনে বিজেপির বিশাল লামা তৃণমূল কংগ্রেসের পাসাং লামাকে ২৮,৫৭৬ ভোটে পরাজিত করেন। বিজেপির বিশালের প্রাপ্ত ভোট ১,০৩,১০৪ টি। তৃণমূল কংগ্রেসের পাসাং লামা পেয়েছেন ৭৪,৫২৮টি ভোট। সংযুক্ত মোর্চার তরফে জাতীয় কংগ্রেসের অভিজিৎ নার্জিনারি পেয়েছেন মাত্র ৫,৪২৮টি ভোট।
ফালাকাটা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দীপক বর্মন তৃণমূল কংগ্রেসের সুভাষ চন্দ্র রায়কে ৩৯৯০ভোটে পরাজিত করেন। এই আসনে বিজেপি পেয়েছে ১,০২,৯৯৩টি ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৯,০৩৩টি ভোট। অন্যদিকে এই আসনে সংযুক্ত মোর্চার সিপিএমের ক্ষিতিশ চন্দ্র রায় ১০,৭৭২টি ভোট পেয়েছেন।
কুমারগ্রাম আসনে বিজেপির মনোজ ওরাও তৃণমূলের লিওস কুজুর (ওরাও)-কে ১০,৭৯২ভোটে পরাজিত করেন। এখানে বিজেপির প্রাপ্ত ভোট ১,০৯,৫৫১টি। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৮,৭৫৯টি ভোট। এই আসনে সংযুক্ত মোর্চার তরফে আরএসপির কিশোর মিঞ্জ পেয়েছেন মাত্র ১১,০৬৬টি ভোট।

জয়ের পর সকলেই জেলাবাসীকে বিজেপির পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। আলিপুরদুয়ারের জয়ী বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, “আলিপুরদুয়ারের মানুষের কাছে আমরা বিজেপির কথাগুলো তুলে ধরেছি। জেলার মানুষ আমাদের উপর ভরসা করেছেন আমাদের আশির্বাদ করেছেন সেজন্য জেলাবাসীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের সাধ্যমত জেলার মানুষের উন্নয়নের কাজ চালিয়ে যাব।”
এদিন গণনা কেন্দ্রের ভেতরেই জেলার ৫টি আসনে জয় লাভের পর উল্লাসে মাতেন বিজেপি কর্মীরা। তবে কোভিড বিধি থাকায় কোনও রকম আবীর খেলা বা মিছিল করেননি বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা।

