আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি: জলপাইগুড়িতে বেসরকারি অ্যাম্বুল্যান্স পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে ও জেলা স্বাস্থ্য দফতরে লিখিতভাবে হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুল্যান্স পরিষেবার সুযোগ দেওয়ার দাবি জানালেন তিনি।
স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, ৫ জানুয়ারি বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য তিন হাজার টাকা দাবি করেছিলেন। কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সেই খবর পেয়ে পৌঁছে যায় স্বেচ্ছাসেবী সংগঠন। এরপর সংগঠনের তরফে শববাহী গাড়ি করে ক্রান্তিতে পৌঁছে দেওয়া হয় মৃতদেহ। স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, পরিষেবা দেওয়ার পরে উল্টে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
অন্যদিকে অঙ্কুর দাস তৃণমূল কিষান ক্ষেত মজদুর কমিটির জেলা কমিটির সদস্য। এ দিন তিনি বলেন, ২০০৮ সাল থেকে তৃণমূল দলের সঙ্গে যুক্ত। দলের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৭ সাল থেকে কিষান ক্ষেত মজদুরের জেলা কমিটির সদস্য। শাসক দল থেকে পদত্যাগ করবেন তিনি এমনটাই জানালেন তিনি। সেই পদত্যাগ পত্র জেলা সভাপতিকে তুলে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব এলেও এই মুহূর্তে কোনো দলে যুক্ত হবেন না তিনি বলে জানান। এই ঘটনা নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান।

