আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ জানুয়ারি : মন্দির কমিটি ও গ্রামবাসী দুই পক্ষের সংঘর্ষের জেরে শনিবার থেকে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী পাঁশকুড়ার চকগোপালের তারা মায়ের মন্দির।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে চকগোপালে তারা মায়ের মন্দিরের অদূরে অবস্থিত একটি পানের দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের কমিটির লোকজনের সাথে গ্রামের লোকেদের বিবাদ বাধে। সেই বিবাদ থেকে প্রথমে হাতাহাতি পরে তা সংঘর্ষে রূপান্তরিত হয়। এই সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। আহতদের চিকিৎসা চলছে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে।

শনিবার ওই মন্দিরে উপস্থিত হন পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার। তিনি গ্রাম কমিটি এবং মন্দির কমিটিকে নিয়ে বৈঠক করেন। আর তারপরেই মন্দির কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির বন্ধের নির্দেশ দেয়। আগত বেশকিছু দর্শনার্থী তারা মায়ের দর্শন না পেয়ে ফিরে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।


