কুমারেশ রায়, অামাদের ভারত, মেদিনীপুর, ১১ মে:
ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে পঞ্চায়েত সমিতির সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতির পদে দায়িত্ব নেয়ার পর রুপা দেবী মাত্র মাস ছয়েক দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি দীর্ঘদিন অনুপস্থিত। এমনকি অনুপস্থিতির কারণ হিসেবে তিনি অফিসকে কোন কিছু জানাননি। বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে স্কলারশিপ সহ বিভিন্ন প্রশাসনিক কাজকর্মে অসুবিধে হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি।
বার বার রুপা দেবীকে জানানো সত্ত্বেও কোনও ফল না মেলায় পঞ্চায়েত সমিতির সদস্যরা একযোগে ১১ মে মঙ্গলবার ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা পত্র জমা দিলেন।
উল্লেখ্য ঘাটাল পঞ্চায়েত সমিতিতে ৩৫ টি আসনই তৃণমূল কংগ্রেসের দখলে। রুপা দেবী যদি পদত্যাগ না করেন তাহলে অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ভোটাভুটি হবে বলে জানা গিয়েছে।
রুপা দেবী জানান, দল অনাস্থা এনেছে। শীঘ্রই পদত্যাগপত্র পেশ করব।

