আমাদের ভারত, ২৬ ডিসেম্বর:
মনুসংহিতা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে মধ্যপ্রদেশের এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে ভারত মাতা সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। ব্রাহ্মণ সভা সমাজের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যপ্রদেশের অশোকনগর এলাকায় ওই ব্যক্তি বাস করেন। বাবুলাল দিলওয়ার নামে ওই ধৃত ব্যক্তির পেশা কি তা জানা যায়নি। ব্রাহ্মণ সভার সমাজের অভিযোগ ফেসবুকে তিনি উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। এমনকি ভারত মাতা সম্পর্কেও অত্যন্ত অপমানজনক কথা বলেছেন। মনুসংহিতা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
বৈদিক সনাতন ধর্মাবলম্বীদের অনুশাসনের জন্য ব্যবহৃত অন্যতম মুখ্য গ্রন্থ মনুসংহিতা। মানব সমাজকে অনুশাসিত করার নীতি এই মনুসংহিতার অন্যতম আলোচ্য বিষয়। সৃষ্টির আদিপর্ব থেকে বর্তমান সময়ের অনেক বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে।
অভিযোগ উঠেছে ফেসবুকে সেই মনুসংহিতা গ্রন্থকেই পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বাবুলাল দিলওয়ার, আর তা ব্রাহ্মণ সভার সমাজের সদস্যদের চোখে পড়ে। এরপরই তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত ও উস্কানিমূলক মন্তব্য সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।

