আমাদের ভারত, ১৮ জানুয়ারি: নারায়ণ দেবনাথকে স্মরণ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার দিলীপবাবু টুইটারে লিখেছেন, “বার্ধক্যজনিত অসুখে ৯৭ বছর বয়সে চলে গেলেন বাংলা চিত্রকাহিনীর প্রাণপুরুষ ‘পদ্মশ্রী’ প্রাপক নারায়ণ দেবনাথ। রেখে গেলেন প্রতি বাঙালির কিশোর বয়সের সঙ্গী হাঁদা ভোদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, কেল্টুদার মত চরিত্রদের। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।“

প্রসঙ্গত, নারায়ণ দেবনাথ বাংলা কমিক্স সাহিত্যের প্রথম পর্বের অন্যতম দিশারী। বাঁটুল দি গ্রেটের স্ট্রিপে চোখ রাখলে বোঝা যায়, এর কুশীলবরা এক অলীক নগরীর বাসিন্দা। সেই ভুবনে কেমন যেন একটা কাউবয় অধ্যুষিত আমেরিকান ওয়েস্টের গন্ধ। তবে সেখানে হিউমার সৃষ্টি হয় একেবারেই বাঙালি কেতায়। ভুঁইফোঁড়, লোক-ঠকানো, ফ্যাশন-সর্বস্ব পোশাকের দোকানের নাম ‘অঙ্গবাহার’ আর সাদাসিধে পোশাক বিপণির নাম ‘অঙ্গঢাকা’— এমন রসবোধে মজে যেতে সময় লাগেনি বাঙালি পাঠকদের।

