জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ অক্টোবর: দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকায় সেখানে “ইচ্ছা করে উত্তেজনা তৈরি করা হচ্ছে” বলে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
আজ সোমবার মেদিনীপুরে দলের একাধিক কর্মসূচি এবং দুর্গা প্রতিমা দর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিনহাটার গীতালদহে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা আসলে সেখানকার বিধানসভা উপ নির্বাচনের আগে ইচ্ছে করে উত্তেজনা তৈরি করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না আসে। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার ভয় আছে বলেও তিনি মন্তব্য করেছেন।

অন্যদিকে, এদিন কলকাতার দমদমের একটি পুজো কমিটির জুতো দিয়ে মণ্ডপ সজ্জা করার প্রতিবাদ জানিয়ে দিলীপ ঘোষ বলেন, দুর্গাপুজোকে রাজনৈতিক আখড়া বানানো কখনোই তিনি সমর্থন করেন না। দুর্গাপুজোর পবিত্রতা ও গরিমা বাঁচিয়ে পুজো হওয়া উচিত। শুভেন্দু অধিকারীর ওই পুজো বয়কট করার আহ্বান প্রসঙ্গে মেদিনীপুরের সাংসদ বলেন, মানুষ চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। পুজোকে নিয়ে যে কেউ যা ইচ্ছে করবে তা মেনে নেওয়া যায় না।
সোমবার মেদিনীপুর শহরের ১২ নং ওয়ার্ডের বটতলা চক এলাকায় দলের মন্ডল সভাপতি দেবাশীষ দাসের নেতৃত্বে প্রায় হাজার খানেক দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্রদান করা হয়। সেই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ।

