পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু ফলকে খড়গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের নাম থাকলেও গতবারের মতোই এবারও তিনি থাকলেন অনুপস্থিত। আর বার বার দিলীপ ঘোষ থাকা কালীন রেলের অনুষ্ঠানগুলি এড়িয়ে যাচ্ছেন কেন খড়গপুরের বিধায়ক তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে যাত্রী সুবিধা ব্যবস্থা উন্নত করতে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগ তিনটি লিফট নির্মাণ করেছে। নতুন ফুট ওভার ব্রিজের সঙ্গে যুক্ত এই লিফট গুলি, প্ল্যাটফর্ম নম্বর ১ও ২, ৫ ও ৬ এবং খড়গপুর স্টেশনের দক্ষিণ দিকের সঞ্চালন এলাকায় নির্মিত হয়েছে। খড়গপুর স্টেশনে এই ধরনের যাত্রী সুবিধার কাজে নতুন ফুট ওভার ব্রিজে প্রবেশ করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাত্রী চলাচলের প্রবাহকে সহজ করবে। খড়্গপুরে লিফটের ব্যবস্থা ২০১৮-১৯ সালে প্রস্তাবের সাথে অনুমোদন করা হয়েছিল। খড়্গপুর স্টেশনের মান উন্নয়নের জন্য প্রচুর যাত্রী সুবিধার কাজ করা হয়েছে বলে রেলের দাবি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। নতুন ফুট ওভার ব্রিজে ০৩ (তিন) নম্বর লিফট জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
আজ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
কিন্তু দিলীপ ঘোষ থাকা কালীন রেলের অনুষ্ঠানগুলি বারবার কেন এড়িয়ে যাচ্ছেন খড়গপুরের বিধায়ক, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অবশ্য এই বিষয়ে হিরন্ময় চট্টোপাধ্যায়কে বাবার ফোন করা হলেও তিনি তোলেননি।

