প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ সেপ্টেম্বর: সারারাত একটানা বৃষ্টিতে ফিরে এলো বিটি রোডের চেনা জল ছবি। ঘূর্ণাবর্তে রাতভর চলতে থাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরেছে সোদপুর, পানিহাটি, আগরপারার সংলগ্ন বিটি রোড।
জলমগ্ন হয়ে গেছে পানিহাটি পৌরসভার বিভিন্ন অঞ্চল। সেই সঙ্গে জলমগ্ন বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল। ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গেছে সোদপুর ঘোলার বিস্তীর্ণ অঞ্চল, সোদপুর এইচ বি টাউন। পাশাপাশি বিটি রোড জলমগ্ন হওয়াতে সকাল থেকে যান চলাচল ধীরগতিতে চলছে। সপ্তাহের প্রথম দিনে বিটি রোডের জল জমার ফলে সমস্যায় মানুষজন। সপ্তাহের প্রথম দিন আজ। অফিস যাওয়ার তাড়া থাকলেও ব্যস্ততম রাস্তা বিটি রোডে অধিকাংশ অংশ জলমগ্ন হওয়ায় সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী প্রত্যেকে।
সকাল থেকেই বিটি রোডে বাস, অটো অপ্রতুল। জমা জলের মধ্যে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হচ্ছে নিত্য যাত্রীদের।পনিহাটি , কামারহাটি পৌর সভা যুদ্ধ কালীন তৎপরতায় জল নামানোর কাজ করছে বলে জানা যাচ্ছে। কিন্তু এখনো মাঝে মধ্যেই বৃষ্টি চলছে। ফলে বিঘ্নিত হচ্ছে জল নামানোর কাজ।
এই প্রসঙ্গে পানিহাটি পৌরসভার উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে জানালেন, চারিদিকে যেভাবে বর্ষণ হচ্ছে ফলে গঙ্গার জল বেড়েছে অনেকটাই সে কারণেই জল নামতে কিছুটা সময় লাগছে। যদি বর্ষণ থেমে যায় তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পানিহাটির জল নেমে যাবে বলে জানালেন তিনি। পানিহাটী মানুষকে জলযন্ত্রণা থেকে রেহাই দিতে পৌরসভা ও ইরিগেশন ডিপার্টমেন্টের উদ্যোগে বেশ কয়েকটি পাম্প চালানো হচ্ছে পৌরসভার বিভিন্ন প্রান্তে।

