আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ মার্চ : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মঞ্চ থেকে নাম না করে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, আপনি নন্দীগ্রামকে কলঙ্কিত করেছেন। দিদি আপনি মিথ্যে কথা বলেছেন, আপনাকে নন্দীগ্রামের মানুষ ভোট দেবে? স্মৃতি ইরানি আরও বলেছেন যেসব পুলিশ কর্তা নন্দীগ্রামে গুলি চালিয়েছিল তাদেরকে আপনি প্রমোশন দিয়েছেন। নন্দীগ্রাম আপনাকে কি ক্ষমা করবে? তিনি আরও প্রশ্ন তুলেছেন আপনি বিজেপি কার্যকর্তার ৮০ বছরের বৃদ্ধা মাকে মেরে মেরে আহত করে দিয়েছেন। কি মুখে আপনি ভোট চাইছেন? বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর বিধানসভার ভঞ্জেরপুকুরে আজ এক জনসভায় এসে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতি ইরানি এই কথাগুলো বলেছেন।

পটাশপুর বিধানসভায় বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তির সমর্থনে আজ এক বিশাল জনসভার আয়োজন করা হয়।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তি ও স্থানীয় কার্যকর্তা ও নেতৃত্বগণ।


