সোমনাথ বরাট, আমাদের ভারত,বাঁকুড়া, ২৫ জুলাই: বাঁকুড়া সদর থানার জগদল্লা গ্ৰাম পঞ্চায়েতের পাতাকোলা গ্ৰামে ডায়েরিয়ার প্ৰকোপকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। এ পৰ্যন্ত ১৫ জন গ্ৰামবাসী চিকিৎসাধীন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
এদিকে এই গ্ৰামের দু’জনের মৃত্যুকে ঘিরে সংশয় দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, যে দু’জনের মৃত্যুর সঙ্গে ডায়েরিয়ার কোনও সম্পৰ্ক নেই। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত বাঁকুড়া সদর থানার এই গ্ৰামে ডায়েরিয়ার প্ৰকোপের খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি দল গ্ৰামে হাজির হয়। তারা আক্ৰান্তদের চিকিৎসা করেন।
জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সরেন জানান, পাতাকোলা গ্ৰামে কিছু মানুষ ডায়েরিয়ায় আক্ৰান্ত
হয়েছেন। আক্ৰান্তের সংখ্যা ১৫। চিকিৎসক সহ একদল স্বাস্থ্য কৰ্মী বিষয়টি দেখভাল করছেন। বিষয়টি আয়ত্বের মধ্যে। তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে এই সময়ে গ্ৰামে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় সংশয় দেখা দিয়েছে। ডায়েরিয়া জনিত কারণে মৃত্যু নয় বলে ডাঃ সরেন জানালেও গ্ৰামবাসীদের ধারণা ডায়রিয়াই মৃত্যুর কারণ। ডাঃ সরেন জানান, মৃত দু’জনের ডেথ সাৰ্টিফিকেটে পরিষ্কার উল্লেখ রয়েছে যে একজনের মৃত্যু হয়েছে লিভার সংক্ৰমণ জনিত কারণে ও অপরজনের ক্ৰনিক্যাল কারণে।
পাতাকোলা গ্ৰামে ডায়েরিয়ার প্ৰকোপের খবর পেয়ে বিধায়ক নিলাদ্রী দানা গ্ৰামে হাজির হন। তিনি আক্ৰান্তদের পরিবারের সাথে কথা বলেন। নিলাদ্রী বাবু বলেন, আক্ৰান্তদের চিকিৎসা ও নতুন করে আক্ৰান্তের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর দেওয়ার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে অনুরোধ জানানো হয়েছে।

