স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ অক্টোবর: নিজের ছেলেকে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরূদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোমোহনা গ্ৰাম পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্ৰামে। মৃত শিশুর নাম মহঃ আশিস, বয়স ২ মাস। অভিযুক্ত বাবা মহম্মদ সাকির হোসেনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখা যায় বিছানায় থাকা ছোট্ট শিশুটির কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন সহ ছেলেটির মা দেখেন শিশুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ শিশুর বাবা মহঃ সাকির গলা টিপে খুন করেছে তার নিজের শিশুটিকে। শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন হাজির হয়, অভিযুক্ত বাবা মহঃ সাকিরকে হাতেনাতে ধরে ফেলেন গ্ৰামবাসীরা।

খবর দেওয়া হয় করণদিঘি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে করণদিঘি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। গ্ৰামবাসীরা অভিযুক্ত বাবার শাস্তির দাবি জানিয়েছেন।

