আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২ মার্চ: ভরদুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মল্লারপুরের কৃষাণ মান্ডিতে। দুপুরে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হয়ে যায় কৃষাণমান্ডিতে রাখা ধানের চটের বস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। পরে সিউড়ি ও সাঁইথিয়া থেকে আরও দুটি দমকলের ইঞ্জিন পৌঁছোয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রনে এলেও এখনো গোডাউনের ভেতরে আগুন জ্বলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মল্লারপুরের কৃষাণমান্ডিতে এদিন হঠাৎই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ক্ষনিকের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কৃষাণমান্ডির ভেতরের গোডাউনে। দমকলের গাড়ি যাওয়ার আগেই আগুন গোটা গোডাউনে ছড়িয়ে পরে।
দমকল সূত্রে জানা যায়, কিষাণমান্ডির গোডাউনে রাখা বস্তায় প্রথম এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। খবর পাওয়ার সাথে সাথেই রামপুরহাট থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। রামপুরহাটের মহাকুমা শাসক সাদ্দাম নাভেদ, রামপুরহাট মহাকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান।
দমকলের আধিকারিকরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে আগুন সম্পূর্ণভাবে নেভাতে এখনও আরও সময় লাগবে। আগুনে কৃষাণ মান্ডির ব্যাপক ক্ষতি হয়েছে। একটি টিনের ছাউনি ভেঙ্গে পড়েছে। ভিতরের ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভেদ বলেন, “কিভাবে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব নয়। প্রথমে আমরা আগুন কন্ট্রোল করার চেষ্টা করছি। আনুমানিক সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। সাথে সাথে দমকল বিভাগে খবর দেওয়া হয়। এখন ৫ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কত টাকার ক্ষতি হয়েছে সেটা বলতে কিছু সময় লাগবে।”
তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে বলে প্রশাসন সূত্রের খবর।

