স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ মার্চ: কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভায় পৌরপ্রধান রাম নিবাস সাহা আসলে বিবেকানন্দ মোড়ের রেল গেট সংলগ্ন এলাকায় তৃণমূল শহর কার্যালয়ের পাশের বাসিন্দা ঋষিকেষ দত্ত চৌধুরী নামে এক ব্যক্তি আচমকাই পৌরপ্রধান রাম নিবাস সাহার উপরে চড়াও হয়।বিষয়টি জানাজানি হতেই পৌরসভায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে পৌরপ্রধানের শারিরীক অবস্থা খারাপ লাগায় প্রথমে তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ তৃণমূল নেতৃত্ব। এদিন পৌরসভার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান পৌরপ্রধান।

পৌরপ্রধান রাম নিবাস সাহা জানান, হাসপাতাল রোডের রাস্তায় হাইড্রেনের কাজ হবে। সেই কাজের জন্য ঋষিকেষ দত্ত চৌধুরী নামে ব্যক্তির বাড়ির কিছুটা অংশ ভাঙ্গা হবে সেই নিয়ে কয়েকদিন ধরেই ঝামেলা হচ্ছিলো। আজ ঋষিকেষ দত্ত চৌধুরী পৌরপ্রধানকে ফোন করে উল্টো পাল্টা কথা বলে। পৌরপ্রধান তাকে পৌরসভায় আসতে বলে, সেই সময় উত্তেজিত কথাবার্তা হলে আচমকাই ঋষিকেষ দত্ত চৌধুরী পুরপ্রধানের ওপরে চড়াও হয়।

