শান্তিপুরে তৃণমূল প্রার্থী অজয় দে’র সমর্থনে প্রচারে অভিনেতা দেব

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ এপ্রিল:
শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে’র সমর্থনে এক নির্বাচনী জনসভায় টলিউড অভিনেতা দেব। বুধবার দুপুর ১টা নাগাদ শান্তিপুর স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নামেন অভিনেতা দেব। এরপরই শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান। এর পরেই শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে জনসভায় বক্তব্য রাখেন অভিনেতা দেব। বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে’র সমর্থনে তাঁর একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন।

শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে ভূমিপুত্র বলে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান জনসভায় উপস্থিত থাকা সাধারণ মানুষকে। স্বভাবতই অভিনেতা দেব’কে দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় জমেছিল পাবলিক লাইব্রেরি ময়দানে। শান্তিপুর পুলিশ প্রশাসনকেও হিমশিম খেতে হয় সাধারণ মানুষের ভিড় সামলানোর জন্য। মাত্র কুড়ি মিনিটের বক্তব্য রাখেন দেব, আর সেই বক্তব্য শুনতেই রোদকে উপেক্ষা করে সাধারণ মানুষের ভিড় জমান। ভিড় সামলাতে নাজেহাল পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *