জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: অবিলম্বে এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি জারি করে স্টেট লেভেল সিলেকশন টেস্ট পরীক্ষা নেওয়ার দাবিতে বুধবার মেদিনীপুর শহরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন চাকরি প্রার্থীরা।
এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার হাজারখানেক চাকরি প্রার্থী পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়ে দাবি তোলেন, শিক্ষা দপ্তর সূত্রে এবং তথ্যের অধিকার আইনে জানাগেছে রাজ্যের সমস্ত স্কুল মিলিয়ে সাতাশি হাজার শূন্য পদ রয়েছে। সেগুলি পূরণে অবিলম্বে স্টেট লেভেল সিলেকশন টেস্ট পরীক্ষা নেওয়া হোক। চাকরি প্রার্থীরা প্রশ্ন তোলেন, রাজ্য সরকার একটি চাকরির পরীক্ষা নেওয়ার পর নিয়োগ করতে কেন পাঁচ ছয় বছর কাটিয়ে দিচ্ছে? শিক্ষিত বেকারদের এইভাবে বঞ্চনা করা বন্ধ হোক।
তাদের অভিযোগ, ২০১৬ সালের পর থেকে এরাজ্যে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়নি। ফলে ৮৭০০০ শিক্ষকের পদ খালি রয়েছে। আন্দোলনকারীরা মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে জমায়েত হন। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার দাবিতে অফিসের সামনে অবস্থান করেন এবং জেলাশাসককে একটি স্মারকলিপি দেন।

