আমাদের ভারত, হুগলি, ১৯ জুন : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবীতে ব্যাপক বিক্ষোভ দেখালেন চাকুরী প্রার্থীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে।
এদিন রেল লাইনে প্রধানমন্ত্রীর কুশ পুতুল নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান চাকুরী প্রার্থীরা। এই অবরোধ-বিক্ষোভের জেরে থমকে যায় হাওড়ার–বর্ধমান শাখার ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরপিএফ ও রেল পুলিশ।
রেলপুলিশ ও রেল আধিকারিকদের হস্তক্ষেপে আধঘন্টার বেশি অবরোধ স্থায়ী হয়নি। রেল পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন সকাল এগারোটা নাগাদ শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে অবরোধ-বিক্ষোভে সামিল হন একদল চাকুরীপ্রার্থী। কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতা করেই আন্দোলনে সামিল হন তাঁরা। এই প্রকল্প বাতিলের দাবি জানান তারা। তারপর রেললাইনের উপর দাঁড়িয়েই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করার চেষ্টা করেন। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিতে থাকেন।
আন্দোলনকারী এক ব্যক্তি বলেন, অগ্নিপথ প্রকল্প বাতিল করা না হলে উত্তরপ্রদেশ, বিহারের মত বাংলাতেও আমরা ট্রেন চলাচল বন্ধ করে দেব।

