এসএসসি পরীক্ষার দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুলাই: দ্রুত স্কুল সার্ভিস পরীক্ষার নতুন নোটিফিকেশন প্রকাশ, রাজ্যের স্কুলগুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ রাখা এবং দীর্ঘ ছ’ বছর ধরে পরীক্ষা না হওয়ার যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে মঙ্গলবার মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েসনের সদস্যরা।

“অনেক হল পড়াশোনা এবার চাই এসএসসি পরীক্ষা”  স্লোগান তুলে মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন মেদিনীপুর শহরে একটি প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে জেলা শাসকের অফিসের বাইরে একটি খাটিয়াতে স্কুল সার্ভিস কমিশনকে প্রতীকি মৃতদেহ হিসেবে শুইয়ে তার উপর আগুন দিয়ে সৎকার করেন চাকরি প্রার্থীরা।

এসএমএসটি অ্যাসোসিয়েশনের সদস্য শংকর সামন্ত ও অন্যান্য সদস্যরা বলেন, গত ছয় বছর ধরে এসএসসি পরীক্ষা বন্ধ রয়েছে। এর ফলে চাকরি প্রার্থীর সংখ্যা ৬ /৭ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিবছর এসএসসি পরীক্ষা না হওয়ায় এসএসসি মারা গেছে বলে আমরা মনে করছি এবং সৎকার করে তার পুনর্জন্ম প্রার্থনা করছি যাতে প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *