অবিলম্বে অভিযুক্ত সাংসদকে গ্রেফতারের দাবি এআইএমএসএস-এর

আমাদের ভারত, ৪ মে: ন্যায়বিচারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের উপর মধ্যরাতে দিল্লি পুলিশের হামলার তীব্র নিন্দা করল অল ইণ্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এ আই এম এস এস)। অবিলম্বে অভিযুক্ত সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছেন তারা।

মদ্যপ অবস্থায় পুলিশ ওইভাবে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ করেছেন ওই সংগঠনর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “দিল্লিতে মহিলা কুস্তিগীরদের উপর বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরন সিংয়ের যৌন নির্যাতনের প্রতিবাদে অবস্থানরত আন্দোলনকারীদের উপর গতকাল মধ্যরাতে দিল্লির পুলিশ (মহিলা পুলিশ ছাড়া) যেভাবে আক্রমণ করে, অশ্রাব্য গালিগালাজ করে এবং কুস্তিগীরের মাথা ফাটিয়ে দেয় তা অত্যন্ত লজ্জার।

স্বনামধন্য কুস্তিগীররা, যারা দেশের জন্য অনেক সম্মান এনে দিয়েছেন, তাদের চুল ধরে টেনে ধর্নামঞ্চ ভেঙ্গে দেওয়ার চেষ্টার আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে প্রথমে দিল্লি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে, ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার না করে জোর করে কুস্তিগীরদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভেঙ্গে দিতে চেষ্টা করে তা দেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে হতাশ করেছে।

আমরা দাবি করছি অবিলম্বে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে এবং ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *