নতুন ভিস্টাডোম কোচ সহ টুরিস্ট স্পেশাল ট্রেনের চাহিদা তুঙ্গে, ২৫ শতাংশ পর্যটক বাড়ল আলিপুরদুয়ারে

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর: ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কথা মাথায় রেখে মাত্র ১১দিন আগেই নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত জঙ্গল-পাহাড় পথে উত্তর-পূর্ব সীমান্ত রেল চালু করেছে ভিস্টাডোম সহ টুরিস্ট স্পেশাল ট্রেন। ইতিমধ্যেই তা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আগামী অক্টোবর মাসের শেষ অবধি প্রায় সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে। আর এই ভিস্টডোম কোচ যুক্ত নতুন ট্রেনের দৌলতে রাতারাতি আলিপুরদুয়ার জেলার বক্সা, জলদাপাড়া, চিলাপাতা সহ অরন্য এলাকায় থাকা বিভিন্ন লজ, রিসর্ট, হোটেল, হোমস্টেগুলিতে বুকিং প্রায় ২৫শতাংশ বেড়ে যাওয়ায় চওড়া হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে।

উল্লেখ্য, কোভিড পরিস্থিতির জেরে গত প্রায় দেড় বছর আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে কার্যত ট্যুরিস্টদের তেমন আনাগোনা ছিল না তবে ভিস্টাডোম কোচ যুক্ত ট্রেন চালু হওয়ায় এবার কলকাতা সহ  দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী  পর্যটকরা লজ, হোটেল, রিসর্ট মালিকদের সাথে যোগাযোগ  করছেন। পাশাপাশি  দ্রুত খোঁজ খবর নিয়ে ফোনেই আগাম  বুকিং করে ফেলছেন অনেকেই। আবার প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভূটান থেকেও আগ্রহ প্রকাশ করেছেন পর্যটকরা।সেক্ষেত্রে পূর্ব ডুয়ার্সের পর্যটনে এই ভিস্টাডোম কোচকে 
রীতিমতো আশির্বাদ স্বরূপ ভাবছেন পর্যটন মহলের সাথে  জড়িতরা।

ট্যুরিজম এসোশিয়েশন অফ মেন্দাবাড়ি, কোদালবস্তি, চিলাপাতা সচিব কিংকর রায় বলেন, “প্রচুর মানুষ  যোগাযোগ করেছেন। একটি অংশ বুকিং করেছেন লজ, হোমস্টে, রিসর্টগুলিতে। সিংহভাগের প্রথম আগ্রহ এনজেপি থেকে  ভিস্টাডোম চেপে আলিপুরদুয়ার চলে আসা। তারপর এখানে  বেড়ানো।” 
আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম এসোশিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, “রেলের কাছে আমাদের  আবেদন  কোনও পরিস্থিতিতেই ট্রেনটির চলাচলে  যেন বিঘ্ন না ঘটে জলদাপাড়া  এলাকায় অনেক লজে গত ১১দিনে নতুন করে বেশ কিছু বুকিং হয়েছে।” 

এদিকে,পর্যটকদের চাপ বৃদ্ধি পাওয়ায় ভিস্টাডোম কোচের উপর 
চাপ বেড়েছে। প্রাথমিকভাবে রেল সুত্রে  জানা  গেছে, আপাতত  অক্টোবর মাস অবধি ভিস্টাডোম কোচের প্রায় ৯৫ শতাংশ বুকিং 
সম্পূর্ণ হয়ে আছে। টিকিটের চাহিদা উত্তরোত্তর বেড়ে  যাওয়ায়  এবার ট্রেনে কোচের সংখ্যা যেমন বাড়াতে পারে তেমনি অতিরিক্ত একটি ভিস্টাডোম কোচ লাগানো হতে পারে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে।

রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং 
বলেন, “আপাতত মাত্র ৫টি কোচ  নিয়ে  ট্রেনটি  চলছে। তবে এটা যথেষ্ট নয়। আমাদের কাছে মাত্র দুটি ভিস্টাডোম  কোচ ছিল। একটি অসমে দেওয়া হয়েছে।আর একটি  আলিপুরদুয়ার থেকে এনজেপি চলছে।আমাদের কাছে  অতিরিক্ত  ভিস্টাডোম কোচ এলেই তা ট্রেনের সাথে জুড়ে দেওয়া হবে।” 

এদিকে, কলকাতা থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়িগামী  ট্রেনগুলির সাথে যাতে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের সময়ের
 সামঞ্জস্য রাখা যায়, সেই আবেদন রেখেছে পর্যটন মহল। ডিআরএম বলেন, অবশ্যই সময় নিয়ে আমাদের  কাছে কোনও প্রস্তাব এলে তা গুরুত্ব  দিয়েই বিবেচনা করা  হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *