পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ জুলাই: শহরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। শনিবার দুপুরে বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের লালমাটি এলাকার এমন ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে শহরের দিপালীনগর থেকে ডাঙি যাবার একমাত্র রাস্তা। যদিও পরে প্রশাসনের তরফে দ্রুত রাস্তা তৈরির আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালমাটি এলাকা সাধারণ বাসিন্দাদের পাশাপাশি বিএসএফ জওয়ানদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ওই রাস্তা দিয়েই প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটি করে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি যাতায়াত করে ভাগাড়ে যাবার জন্য। বিএসএফের গাড়িরও একমাত্র ভরসা ওই রাস্তা। তারপরেও ওই রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেওয়া হয়নি পুরসভার তরফে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে ওই রাস্তা বেহাল হয়ে পড়েছে। দু-তিন দিনের টানা বৃষ্টিতে জল কাদায় পরিপূর্ণ হয়ে উঠেছে ওই রাস্তা। পিচ উঠে রাস্তার মাঝে মাঝে তৈরি হওয়া এক একটি বিরাট গর্তে যে কোনও মুহুর্তে বড় দুর্ঘটনারও আশঙ্কা তৈরি হয়েছে এলাকায় বলেও অভিযোগ বাসিন্দাদের। পুরসভাকে একাধিক বার জানিয়েও কোনও কাজ না হওয়ায় এদিন দুপুর থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

স্থানীয় বাসিন্দা গোপাল বিশ্বাস, মনোরঞ্জন পাল ও অজিত ঘোষরা জানিয়েছেন, চার থেকে পাঁচ বছর ধরে এই রাস্তা নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। একাধিক বার পুর কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি। আর তাই এদিন বাধ্য হয়েই পথ অবরোধে সামিল হয়েছেন তারা।
বালুরঘাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ সাহা জানিয়েছেন, ওই রাস্তা সারাইয়ের জন্য বিএডিপি দপ্তরে অনুমোদন চাওয়া হয়েছে। সেখান থেকে বরাদ্দ হলেই কাজ শুরু হবে।

