সুশান্ত ঘোষ, বনগাঁ, ২২ মার্চ: খুনে অভিযুক্তের জামিনের বিরোধিতা করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে হাতে পোস্টা নিয়ে আদালতের সামনে বিক্ষোভ গ্রামবাসীর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালতে। অভিযোগ, গত ২৫ ডিসেম্বর বনগাঁ থানার চড়ুইগাছি এলাকার বাসিন্দা সুভাষ বিশ্বাসকে খুন করেছিল স্থানীয় বাসিন্দা অপরেশ বিশ্বাস। ঘটনার তদন্তে নেমে খুন করার অভিযোগে অপরেশকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে জেল হেফাজতেই আছে অপরেশ। জেলে বসেই সুভাষের পরিবার ও খুনের সাক্ষীদের খুনের হুমকী দিচ্ছে অপরেশ–বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের খবর, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সুভাষের পোষা ছাগল অপরেশের জমির সর্ষে গাছ খেয়ে নেওয়ার অভিযোগে সুভাষের বাড়ি চড়াও হয়েছিল অপরেশ। তাঁর ছাগল সর্ষে গাছ খেয়েছে এই অভিযোগ অস্বীকার করায় সুভাষকে চেলাকাঠ দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অপরেশ বিশ্বাসকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। বর্তমানে অপরেশ বিশ্বাস জেলে বিচারাধীন। অভিযোগ, জেল থেকেই অপরেশ হুমকী দিচ্ছে জামিন পেলেই সুভাষের পরবিবার ও সাক্ষীদের খুন করার। এই আতঙ্কে সোমবার বনগাঁ আদালে সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করেন গ্রামবাসী। তাঁদের দাবি, ‘খুনি অপরেশকে যাতে আদালত যেন জামিন না দেয়।’ শেষ জানা খবর, আদালত অপরেশের জামিন মঞ্জুর করেনি।

