আমাদের ভারত, ২৭ আগস্ট: ফেসবুকে আফগানিস্তানের তালিবান অত্যাচারের সমালোচনা করেছিলেন বিধায়ক এম কে মুনির। আর সেই অপরাধেই কেরলের প্রাক্তন মন্ত্রী তথা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিধায়ককে খুনের হুমকি দেওয়া হল। চিঠিতে বলা হয়েছে তাঁর হাত কেটে নেওয়া হবে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ করেছেন মুনির।
শুক্রবার মুনির জানান, কাবুল দখলের পর আফগানিস্তানের নাগরিকদের ওপর তালিবানদের যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে গত ১৭ আগস্ট ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এরপর বৃহস্পতিবার তাঁর কাছে একটি হুমকি চিঠি আসে। ওই চিঠিটি মালায়লাম ভাষায় লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “নেট মাধ্যমের ওই পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যে তুলে না নিলে আপনার পরিণতিও জোসেফের মত হবে।”
ইসলামি জঙ্গি সংগঠনগুলির সমালোচনা করার দায়ে প্রায় এক দশক আগে অধ্যাপক টিজে জোসেফের হাত কেটে নেওয়া হয়েছিল। পুলিশের দাবি, কেরলের কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ওই হামলার জন্য দায়ী ছিল। মুনিরের ক্ষেত্রেও ওই সংগঠনের তরফেও এই জায়গা থেকে হুমকি এসেছে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক মালাপ্পুরম এবং সন্নিহিত মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে আইইউএমএল এবং পিএফআই কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েক বছরে কেরলের বেশ কিছু যুবক পশ্চিম মধ্য এশিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস এ যোগ দিয়েছে। এই পরিস্থিতিতে মুনিরকে খুনের হুমকির ঘটনায় বিশেষ ভাবে সতর্ক কেরল পুলিশ। তবে মুনির বলেছেন, যত হুমকি আসুক না কেন, তিনি কোনও অবস্থাতেই তালিবানের মতো নৃশংস মানবতা বিরোধী সংগঠনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলাবেন না।

