রাজেন রায়, কলকাতা, ১৬ এপ্রিল: ভোট হোক অথবা না হোক, করোনার লাগামছাড়া বৃদ্ধি থামার কোনও নাম নেই। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও। আর ক্রমাগত নিম্নমুখী সুস্থতার হার চিন্তা বাড়িয়ে দিচ্ছে।
এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৬,৯১০ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৮৪৪ জন, যা এককথায় রেকর্ড। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,৫৯২ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৪০২। হাওড়ায় একদিনে আক্রান্ত ৪২০ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ৩৭৪ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১২৬ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৪৩ হাজার ৭৯৫ জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪১ হাজার ৪৭। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৫০৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। সুস্থতার হার ৯১.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৫৩ জনের।

