বাংলার করোনার দৈনিক সংক্রমণ ১২৮৭৬, মৃত্যু প্রায় ৬০ জনের

রাজেন রায়, কলকাতা, ২৪ এপ্রিল: প্রতিদিন হাজারে-হাজারে বেড়ে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিচ্ছে করোনার সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার নিয়েছে বঙ্গে। শুক্রবার নতুন করে রাজ্যে ১২৮৭৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জন ব্যক্তির। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। বর্তমানে সুস্থতার হার ৮৮.০১ শতাংশ। শুক্রবার অবশ্য রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি পেরিয়ে গিয়েছে। যার মধ্যে গত এক বছরে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষের কিছু বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৬৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

আক্রান্তের নিরিখে ১ নম্বরেই রয়েছে কলকাতা। শহরে একদিকে ২,৮৩০ জন শনাক্ত হয়েছেন এই ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৮৮৫। কলকাতায় একদিনে ১৭ জন এবং উত্তর ২৪ পরগনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৭৯০ জন, হাওড়ায় ৭৪৬ জন, হুগলিতে ৫৯৪ জন, বীরভূমে ৬৬৭ জন, পশ্চিম বর্ধমানে ৬৪৩ জন, পূর্ব বর্ধমানে ৩৪৬ জন, মালদহে ৫৫৯ জন, মুর্শিদাবাদে ৫৪৩ জন, নদিয়ায় ৫৬২ জন ও দার্জিলিংয়ে ২২৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *