পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ২২ জুন: পাহাড় জঙ্গলে ঘেরা বেলপাহাড়িতে যোগের গুরুত্ব বোঝানোর জন্য সিআরপিএফ ব্যাটালিয়নের জোয়ানরা বুধবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে যোগাসনে অংশ নেন। এদিন সকালে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির নেগুড়িয়াতে অবস্থিত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ১৬৯ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের আয়োজন করা হয়।

বাহিনীর আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে যোগ কর্মসূচিতে শামিল হন এলাকার বাসিন্দারা। এদিনের যোগ শিবিরে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সিইও সঞ্জয় শর্মা, ব্যাটালিয়নের দ্বিতীয় আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ। সাধারণ গ্রামবাসীদের পাশাপাশি বাঁশপাহাড়ী ও চাকাডোবা স্কুলের ছাত্র ছাত্রীরা এবং বেশ কয়েক জন শিক্ষক এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন। ১৮৪ নম্বর ব্যাটালিয়ান, ঝাড়গ্রামের ২৩২ নম্বর মহিলা ব্যাটালিয়ন এবং ১৬৭ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকেও যোগ দিবস মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে।

