অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জুলাই:
স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে এসে বিক্ষোভের মুখে পড়ল সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার শিমুলপাল গ্রামপঞ্চায়েতের ওদোলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিন বুড়িঝোর সি আর পি এফ ক্যাম্পের ১৮৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা ডাক্তার দেখাতে আসেন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তাদের মধ্যে এক জওয়ান হাসপাতালের এক মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। সেই খবর গ্রামে আসতে গ্রামবাসীরা ঐ সি আর পি এফ জওয়ানকে হাসপাতালে ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত বেলপাহাড়ী থানার বিশাল পুলিশবাহিনী। এখনো পর্যন্ত সি আর পি এফ জওয়ান’কে স্বাস্থ্য কেন্দ্র থেকে বার করা সম্ভব হয়নি, পুরো স্বাস্থ্য কেন্দ্র ঘিরে রেখেছে গ্রামবাসীরা।

