অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ নভেম্বর:
হাতির হামলায় ফসলের ক্ষতিপূরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ গ্রামবাসীদের। রবিবার সকাল ছয়টা থেকে বিক্ষোভ শুরু করেছে গ্রামবাসীরা। যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী-রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত ন’টা নাগাদ নয়াগ্রাম থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। শীতকালীন কফি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি।

প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রামগুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আসায় বন দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে১১ টা নাগাদ অবরোধ উঠে যায়।

