সাময়িক স্বতি দিলেও, গত তিন দিনে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী

আমাদের ভারত, ৯ জুলাই: প্রায় দুই মাস ধরে দৈনিক সংক্রমণ কমতে থাকার পর গত তিন দিনে আবারও বেড়েছে সংক্রমণের সংখ্যা। কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও বাড়াচ্ছে। এছাড়াও মারাত্মক ডেল্টা ভাইরাসের মিউট্যান্ট ‘ডেল্টা প্লাসের’ বর্ধিত সংক্রমণও এখন দেশবাসীর মাথাব্যাথার কারণ। সেখানে দাঁড়িয়ে কোভিডের কড়া বিধিতে শিথিলতা চিন্তার বিষয়।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল সহ ১১টি রাজ্যে ডেল্টা প্লাসের মোট ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এ বার উত্তরাখন্ডেও খোঁজ মিলল ডেল্টা প্লাস আক্রান্তের। হু এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ কন্সার্ন’ হিসাবে চিহ্নিত না করলেও ভারত এই প্রজাতিকে উদ্বেগের কারণ হিসাবেই দেখছে।

এদিকে, দেশে দৈনিক মৃত্যুর হারও গত কালের তুলনায় বেড়েছে ১২ শতাংশ। সরকারি রিপোর্ট অনুযায়ী, যেখানে গত কাল মৃত্যু সংখ্যা ছিল ৮১৭, সেখানে আজ ৯১১ জনের মৃত্যু হয়েছে । এনিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫ হাজার ৯৩৯। তবে গত কালের তুলনায় দৈনিক সংক্রমণের হার কমেছে ৫ শতাংশ। সঙ্গে বেড়েছে সুস্থতার হারও।

কিন্তু তথ্য বলছে, মোটের ওপর দেশের কোভিড সংক্রমণ বেড়ে চলেছে এবং তৃতীয় ঢেউ নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও এই গ্রাফ বেড়েছে তিন দিনে। গত সোমবার যেখানে দৈনিক সংক্রমণ সংখ্যা ছিল ৮৮৫, শুক্রবার তা হয়েছে ৯৯৫ জন। গত ২৪ ঘন্টায় ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে জানা গেছে। এর পাশাপাশি গোটা দেশ জুড়ে টিকাকরণের হারও কমেছে যা তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা মাঝে সংক্রমণের উদ্বেগকে আরও বাড়াচ্ছে।
দ্বিতীয় ঢেউয়ের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং তৃতীয় ঢেউয়ের আগাম প্রস্তুতির জন্য বৃহস্পতিবার রাজ্যগুলিতে বিদ্যমান কোভিড মোকাবিলার ব্যাবস্থার উন্নতিতে ২৩ হাজার ১২৩ কোটি টাকার অনুমোদন দিয়েছে মোদীর নতুন মন্ত্রিসভা। এছাড়া, শুক্রবারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য দেশ জুড়ে ১ হাজার ৫০০টিরও বেশী পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভ্যাক্সিন সরবরাহ বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *