শিলিগুড়িতে কুপন বিলি হল হরির লুটের মত, ভিড় সামল দিতে হিমসিম খেল পুলিশ

আমাদের ভারত, শিলিগুড়ি, ৭ জুলাই: টিকার কুপন নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেলো। লাইন না মেনে একজন আরেকজনকে ধাক্কা মেরে কুপন সংগ্রহ করা শুরু করে। খবর পেয়ে পুলিশ এলেও ভীড় সামলাতে না পেরে হরির লুঠের মত কুপন বিলি করা শুরু করে।

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বেঙ্গাইজোত প্রাথমিক স্কুলে শনিবার সকালে এই ঘটনা ঘটে। টিকা নিতে আসা সাধারণ মানুষের কাছে হেনস্থা হতে হয়েছে পুলিশকেও। টিকার জন্য তারাই কুপন বিলি করছিল। কিন্তু তাদের এমনভাবে ঘিরে ধরে সকলে যে তারা কুপন ছুড়ে ছুড়ে দিয়ে পরিস্থিতি সামাল দেন। প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুলে তিনশো জনকে করোনার টিকা দেওয়ার কথা। কিন্তু লাইনে তার চেয়ে কয়েকগুন বেশী লোক টিকা নিতে দাঁড়িয়ে পরে৷ তারপরই শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। কোভিড বিধি মানার বালাই নেই। পুলিশ থাকলেও তাদের তোয়াক্কা করেনি কেউ। স্থানীয় বাসিন্দা জগন্নাথ রায় বলেন, “কোন নিয়ম মানা হচ্ছে না। কুপন দেওয়ার কোনও নিয়ম নেই। এভাবে মানুষকে আরও বেশি হয়রান করা হচ্ছে।”
এদিকে এই অবস্থা হওয়াতে প্রশ্ন উঠছে জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও এবিষয়ে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, “টিকার চাইতে টিকা নেওয়ার মানুষের সংখ্যা অনেক বেশি। একদিনে সীমাবদ্ধ টিকা দেওয়া হয়। কিন্তু মানুষ না বুঝতে পেরে লাইনে দাঁড়িয়ে থাকছে। তার ফলেই ওই অব্যবস্থা হচ্ছে। সকলেই টিকা পাবেন তাই এরকম না করাই ভালো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *