আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ জানুয়ারি: রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে ইতিমথ্যেই কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সেই সঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখা হবে বলেও নির্দেশ জারি করা হয়। তবে ছাত্র ছাত্রীদের করোনা থেকে বাঁচাতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের জন্য টিকাকরনের ব্যবস্থা করেছেন। সোমবার থেকে উৎসবের মেজাজে স্কুলে স্কুলে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাকরন।
মঙ্গলবার ভাটপাড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যগে সুন্দিয়া গার্লস হাই স্কুলে ক্যাম্প করে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হল। করোনা প্রতিষেধক টিকা দেওয়ার কাজে বেজায় খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকেরা। করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর যখন স্কুল খোলে তখন নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু রাখা হয়। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে অনেক ছাত্র ছাত্রীকেই স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নেন তাদের অভিভাবকরা। তবে এই টিকা প্রদানের ফলে অনেকটাই স্বস্তি মিলেছে অভিভাবকদের।

এদিন সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনে স্কুলের শিক্ষিকাদের পর্যবেক্ষণে স্বাস্থ্য কর্মীরা টিকা প্রদান করেন ছাত্রীদের। সুন্দিয়া গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা বলেন, “এই টিকা দেওয়ার ফলে খুব উপকার হবে। কারন এই টিকা দেওয়াতে ছাত্র ছাত্রীরা অনেকটা নির্ভয় হয়ে স্কুল আসতে পারবে। করোনাতে ছাত্র ছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকেই ভয়ে আর স্কুল আসছিল না। এবার টিকা নেওয়ার ফলে তারা নির্ভয়ে বাইরে বেরোতে পারবে।”
এদিন সুন্দিয়া গার্লস হাই স্কুলের পাশাপাশি ব্যারকপুর মন্মথ নাথ উচ্চ বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছরের ছেলে ও মেয়েদের টিকা দেওয়ার কাজ করা হয়

