ভারতে শিখর ছুঁয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, এবার কমবে আক্রান্তের সংখ্যা, তবে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখি হবে দাবি গবেষকদের

আমাদের ভারত, ১৩ মে: গত দুদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে দেশে। এর মধ্যে আরো একটি আশার কথা শোনালেন কেমব্রিজ জাজ বিজনেস স্কুল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের গবেষকেরা। তাদের দাবি, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শিখর ছুঁয়ে ফেলেছে। এবার ধীরে ধীরে কমবে সংক্রমণের হার।

সংক্রমনের গতিপ্রকৃতি পর্যালোচনা করে আগামী দিনে কি হতে পারে তার একটি ধারণা দিয়েছেন গবেষকরা। গত ৭ মে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১৪হাজার ১৮৮ ছিল। এটা আমেরিকার সর্বোচ্চ শিখরের তুলনায় ৩২ শতাংশ বেশি। এরপর থেকে ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কমবে বলেই জানিয়েছেন গবেষকরা। তবে সার্বিক ছবিতে সংক্রমণ শিখরে পৌঁছালেও বেশ কয়েকটি রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছেন গবেষকরা। অসম, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, ত্রিপুরার মত রাজ্যে সংক্রমণের হার আগামী দুই সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকবে।

অন্যদিকে সংক্রমণ শিখর ছুঁলেও করোনায় মৃত্যু ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছেন গবেষকরা। তাদের দাবি ভারতে বর্তমানে স্বাস্থ্যপরিসেবা খুবই উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। অক্সিজেন, আইসিইউর বেড, ওষুধের অভাব রয়েছে। ফলে মৃতের সংখ্যাবৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন মৃতের সংখ্যা ৪ হাজারের কাছাকাছি থাকবে বলেই জানিয়েছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *