অনুব্রত গ্রেফতারের পরেই তৃণমূল নেতার রুগ্ন সিংহ পোষ্ট নিয়ে বিতর্ক

আশিস মণ্ডল, বীরভূম, ১২ আগস্ট: অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই তৃণমূল নেতা কাজল শেখের ফেসবুকের একটি পোষ্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ওই পোষ্ট অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে নয় বলে দাবি করেছেন কাজল শেখ। তাঁর দাবি যারা শরীর, ক্ষমতা নিয়ে অহংকার করেন তাদের উদেশ্যে এই পোষ্ট।

প্রসঙ্গত, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে নানুরের তৃণমূল নেতা কাজল শেখের মনমালিন্য দীর্ঘ দিনের। এমনকি এই মনোমালিন্যের জেরেই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের কাছে পরাজিত হয়েছিল তৃণমূল। কাজল শেখের মূল লড়াই ছিল নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরার সঙ্গে। হেরে যাওয়ার পরেই গদাধর হাজরা বিজেপিতে যোগদান করে নানুর ছাড়েন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের গদাধর হাজরা তৃণমূলে যোগদান করেন। ফলে ফের কাজলের সঙ্গে দূরত্ব বাড়ে অনুব্রতর। দলের দ্বন্দ্ব মেটাতে বোলপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে দেখা গিয়েছিল। কাজলের দাদা বিধায়ক শেখ সাহেনাওয়াজকে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু চাপা দ্বন্দ্ব আজও রয়ে গিয়েছে। ফলে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেই কাজল শেখের পোষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ওই পোষ্টে রুগ্ন সিংহের ছবি দিয়ে কাজল শেখ লিখেছেন, “চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না…। দুঃখের বিষয় অনেকেই এটা ভুলে যায়”। এই পোষ্টকে ঘিরে কাজল অনুগামীদের উন্মাদনা কমেন্ট বক্সে প্রতিফলিত হয়েছে। এখনও পর্যন্ত ওই পোষ্ট ৪০৬ জন শেয়ার করেছেন। যদিও কাজল শেখ বলেন, “আমি নিয়মিত ফেসবুক পোষ্ট করে থাকি। সেরকম ভাবেই এই পোষ্ট করেছি। নির্দিষ্টভাবে কাউকে আঘাত করার জন্য করিনি। আর অনুব্রতর বিরুদ্ধে পোষ্ট করার থাকলে নাম দিয়ে করব। কারণ উনাকে আমি ভয় পাই নাকি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *