সাথী দাস, পুরুলিয়া, ১৩ অক্টোবর: তৃণমূল পরিচালিত ঝালদা পৌরসভায় অনাস্থা ডাকের প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। আজ ঝালদা পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মহকুমাশাসক ও জেলাশাসককে অনাস্থা চিঠি জমা দেন ৫ কংগ্রেস ও এক জন নির্দল কাউন্সিলর।

নির্বাচনে ঝালদা পৌরসভার ১২ টি আসনের মধ্যে ৫ টি তৃণমূল ৫ টি কংগ্রেস ও ২ টি’তে নির্দল প্রার্থী জয়ী হন। এর মধ্য একজন নির্দল প্রার্থী ফল ঘোষণার দিনেই তৃণমূলে যোগদান করেন। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। গত ৫ এপ্রিল এক জন নির্দল কাউন্সিলরকে নিয়ে ঝালদা পৌর বোর্ড গঠন করে তৃণমূল। পৌরপ্রধান হন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল জয়ী প্রার্থী সুরেশ আগারওয়াল। পরে তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলে পাঁচ কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ কর্মকারও। এই ছয় জন কাউন্সিলর ঝালদার মহকুমাশাসককে এই অনাস্থা চিঠি জমা দেন।

যদিও বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগরওয়াল বিকেলে জানান, “এখনও অনাস্থার চিঠি হাতে পাইনি। তা ছাড়া অনাস্থা বিরোধীরা ডাকতেই পারেন। দল গোটা বিষয়টি দেখবে।” একই কথা বলেন ঝালদা শহর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজেশ রায়।
যদিও বিষয়টি নিয়ে ঝালদা শহর বিজেপি সভাপতি বিজয় ভগত জানান, ঝালদা পৌরসভায় এটা বরাবর হয়। অনাস্থা হবেই। কাউন্সিলারদের ভাগ না বসলেই অনাস্থা আর কিছু না।

