সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: প্রতি মাসেই স্কুলের মিড-ডে মিলের সামগ্রী ঢুকলেই চুরি হয়ে যাচ্ছে। এবারে মিড-ডে মিলের সামগ্রী না পেয়ে স্কুলের কম্পিউটার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার হরিপদ প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, বারবার থানায় জানিয়েও কোনো লাভ হচ্ছে না।
স্কুল সূত্রের খবর, গোপালনগর হরিপদ প্রাথমিক বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষকরা আসলে দেখেন গেটের তালা ভাঙ্গা। ঘরে ঢুকতেই দেখা যায় উধাও কম্পিউটার। এরপরই খবর দেওয়া হয় গোপালনগর থানায়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অপু সরকার বলেন, এই নিয়ে পরপর চারবার চুরির ঘটনা ঘটল আমাদের স্কুলে। মিড-ডে মিলের চাল ঢুকলেই চুরি হচ্ছে। আগে স্কুলের মিড-ডে মিলের সামগ্রী ঢুকলেই স্কুলের বাইরে বিজ্ঞপ্তি দিয়ে দিতাম। তারপরেই চুরি হতো। এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছি। তাও এদিন চুরি হল। এমাসে মিড ডে মিলের সামগ্রী স্কুলের উপরের ঘরে রেখেছিলাম। দুষ্কৃতীরা মিড-ডে মিলের সামগ্রী না পেয়ে কম্পিউটার নিয়ে চম্পট দিয়েছে।
খবর পেয়ে ঘটনা স্থলে আসে গোপালনগর থানার পুলিশ। যদিও গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর জানিয়েছেন, ওই স্কুলে একটি নতুন কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করছেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।

