রাজেন রায়, কলকাতা, ১ ডিসেম্বর: উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে। প্রতিদিনের পরীক্ষা শেষে স্কুলগুলিকে প্রশ্নপত্র ইমেল মারফত পাঠাতে হবে testpaperwbbse@gmail.com এই ঠিকানায়। অথবা প্রশ্নপত্র পৌঁছে দিতে হবে পর্ষদের সল্টলেকের অফিসে ডেপুটি সেক্রেটারির (অ্যাকাডেমিক) দফতরে। যার ঠিকানা- নিবেদিতা ভবন, ষষ্ঠ তলা, ডি জে -এইট, সেক্টর -২ বিধাননগর, কলকাতা- ৭০০০১৯। ২০২২ সালের মাধ্যমিকের সিলেবাস মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে স্কুলগুলিকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ পর্ষদের।
উচ্চমাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক বলে সোমবারই জানায় সংসদ। বলা হয়, উচ্চমাধ্যমিকের টেস্টে প্রতি বিষয়ে ৫০ নম্বর করে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

