মদ্যপ অবস্থায় কলেজের অধ্যক্ষকে ধরে বিক্ষোভ, উত্তেজনা জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কমার্স কলেজে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ অক্টোবর: কলেজ বন্ধ, রাতে অন্ধকারে সেই বন্ধ কলেজের ভিতরে জমিয়ে বসেছিল মদের আসর। এই অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯ টায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের আনন্দ চন্দ্র কমার্স কলেজে। প্রতিবাদে নামে স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষাকর্মীদের একাংশ। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারিরা অধ্যক্ষের অপসারণের দাবি তুললেছে।

কলেজে পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি নেই কয়েক মাস ধরে৷ প্রায় দিনই কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের ঝামেলার অভিযোগ উঠছিল। এমনকি রাজ্য শিক্ষা দফতরের তিন সদস্যের তদন্ত কমিটি কলেজে এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে। অভিযোগ, কলেজ বন্ধ থাকার পরেও প্রায় দিনই কলেজ চত্বরে মদের আসর চালায় অধ্যক্ষ নিজেই৷ শুধু তাই নয় কলেজের উন্নয়নের টাকা দিয়ে নিজেই তার বিরুদ্ধে পোস্টার টাঙায়, স্থানীয়দের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য। এ দিন হাতেনাতে স্থানীয় বাসিন্দা, কলেজ পড়ুয়া, স্থানীয় ক্লাব ও কলেজের শিক্ষাকর্মীদের একাংশ অধ্যক্ষকে মদ্যপ অবস্থায় ধরে ফেলেন। গেটে তালা দিয়ে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।

কলেজের হেড ক্লার্ক রাজীব চৌধুরী বলেন, “কলেজ ঝামেলা হচ্ছে খবর পেয়ে ছুটে আসলাম। অধ্যক্ষ কলেজে মদ্যপান করছিলেন। কলেজের শিক্ষার পরিকাঠামো নষ্ট হয়ে গিয়েছে।”

কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার অবশ্য বলেন, আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। কলেজের নিরাপত্তা কর্মী এসেছেন কিনা তা খতিয়ে দেখতে কলেজে এসেছিলাম।” রাত প্রায় পৌনে এগারোটায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ বাহিনী অধ্যক্ষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *