রাজেন রায়, কলকাতা, ৫ ডিসেম্বর: একদিকে পুরভোটের প্রচারে কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে ছুটছেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। বেশ কিছুক্ষণ কথাও বলেন এসএসকেএমের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে।
রবিবার দুপুরে হঠাৎই বুকে ব্যাথা অনুভব করতে শুরু করেন গণেশ বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই দেরি না করে তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। ভর্তি করার সঙ্গে সঙ্গেই একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়। কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে গণেশ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। জানা গিয়েছে, আগামীকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হতে পারে। তবে গোটা প্রক্রিয়াটাই নির্ভর করছে গণেশ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার ওপর।
মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই গণেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদও বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর ভাইয়ের শরীর এখন কেমন রয়েছে, সেই সব খোঁজখবর নেন। গণেশের দ্রুত সুস্থতার বিষয় আশা প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম।

