সুশান্ত ঘোষ, আমাদের ভারতের, উত্তর ২৪ পরগণা, ১১ নভেম্বর: ছট পুজো ঘিরে প্রতি বছরের মতো এবছরও বনগাঁ থানার ঘাটে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ভোররাত থেকে নদীতে নেমে জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম করার অপেক্ষায় ভক্তরা। পাশাপাশি যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসবেন, তাঁদের জন্য বনগাঁ পুরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিভিল ডিফেন্স দপ্তরের কর্মীদের কাজে লাগানো হয়েছে। নদীতে স্পিড বোটের মাধ্যমে টহল দেওয়া সহ আরও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো কমিটির সম্পাদক কার্তিক বাঁশফোর বলেন, এ বছর এই পুজো ২২ তম বর্ষে পড়ল। যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজো দেওয়া হয়ে গেলে তাঁদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং একটি করে নতুন বস্ত্র তাঁদের হাতে তুলে দেওয়া হয়।

এই বিষয়ে বনগাঁ পুরসভার প্রশাসক গোপাল শেঠ জানান, দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজোর মতোই মান্যতা দিয়ে এই ছট পুজো বনগাঁতে প্রতিবছর হয়। এবছরও একই ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচুর মানুষের সহযোগিতায় ছট পুজোর আয়োজন করা হয়েছে।

