পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: সুফি সাধক সৈয়দ শাহ মস্তান বাবা প্রায় ২০০ বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার আন্ধারিয়া গ্রামে এসেছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন যে তাঁর আশীর্বাদে মস্তান বাবা আন্ধারিয়া এবং আশেপাশের গ্রামগুলিকে ডাকাত এবং চোরদের হাত থেকে রক্ষা করেছিলেন, কারণ তাঁর উপস্থিতির পর থেকে সেখানে কোনও চুরি বা ডাকাতি ঘটেনি। গ্রামবাসীরা আরও বলেন যে মস্তান বাবার আশির্বাদে প্রবল খরা থেকে রক্ষা পেয়েছিল পাশাপাশি সমস্ত গ্রাম।

তাঁর আশীর্বাদ পেতে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসতেন আন্ধারিয়া গ্রামে। তাঁর দেহত্যাগের পর প্রতিবছর মার্চ মাসে আন্ধারিয়া গ্রামে জলসার আয়োজন করা হয়। এবারও আন্ধারিয়া গ্রামে জলসার আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন ধর্মের লোকেরা মস্তান বাবার আশীর্বাদ পেতে উপস্থিত হয়েছিলেন। আয়োজকরা অভাবী লোকদের কাপড়, আশেপাশের গ্রামের অভাবী শিক্ষার্থীদের বই বিতরণ করেছেন।

