আমাদের ভারত, ১০ আগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই। এই সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নাম ছিল শান্তি প্রসাদের। অশোকের নাম ছিল চতুর্থ স্থানে।
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই তাদের দু’জনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার নিজেদের হেফাজতে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। হাইকোর্ট নিযুক্ত বাঘ কমিটির রিপোর্টে এসএসসির প্রাক্তন আহবায়ক শান্তি প্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সূত্রের খবর, এই দু’জন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তথ্য গোপন করেছেন, সেই কারণেই এদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডির তল্লাশিতে টালিগঞ্জ ও বেলঘড়িয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়। পাওয়া যায় সোনার গয়না। এছাড়াও একাধিক নথি থেকে পার্থ অর্পিতার সঙ্গে সম্পর্কযুক্ত বহু সম্পত্তির তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
এসএসসি নিয়োগ নিয়ে যে সময় দুর্নীতির অভিযোগ সেই সময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি উপদেষ্টা কমিটি গড়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন শান্তি প্রসাদ। সিবিআই সূত্রের দাবি, এই উপদেষ্টা কমিটির মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হতো। এই কারণে সিবিআইয়ের দায়ের করা এফআইআর-এ প্রথম নামটি ছিল শান্তি প্রসাদের। দু’জন গ্রেফতারের পর যে বিবৃতি জারি করেছে তদন্তকারী সংস্থা, সেখানে তাদের কথাই বলা হয়েছে।
উপদেষ্টা কমিটির মেয়াদ শেষের পর অবৈধভাবে গ্রুপ সি পদে নিয়োগ হয়েছিল বলেও সিবিআই বিবৃতিতে দাবি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসিতে নিয়োগে অনিয়মের তদন্তভার পায় সিবিআই। কিন্তু এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। বুধবার বিকেলে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টাকে গ্রেপ্তার করল তারা।

