সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ মার্চ: বাসের ধাক্কায় এক বাইক আরোহী ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল অশান্তির সৃষ্টি হয় বাঁকুড়া বাসস্ট্যান্ডে।আজ বেলা বারোটা নাগাদ বাঁকুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী রাজকুমার গরাই (৪০) স্কুটিতে করে যাচ্ছিলেন। সেই সময় বাসস্ট্যান্ডের কিছু দূরে জুনবেদিয়ার কাছে একটি বাস তাকে ধাক্কা দেয়। স্কুটি থেকে পড়ে গিয়ে
ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই ব্যবসায়ী। তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষোভে ফেটে পড়েন।উত্তেজনা চরমে ওঠে। বাস চালককে গ্রেফতার, নিয়ম মেনে বাস চলাচলের দাবিতে ক্ষিপ্ত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় বাস চলাচল।
বাঁকুড়া শহরের দোলতলার বাসিন্দা মৃত রাজকুমার ব্যবসা পরিচালনার পাশাপাশি ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

