“প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধ ভট্টাচার্য ক্রেডিট নিচ্ছেন মমতা, রাজ্যের কারণেই কাজ শেষ হতে দেরি”, অভিযোগ সুকান্ত’র

আমাদের ভারত, ১৪ জুলাই: প্রথম দিনই শিয়ালদা মেট্রো সওয়ারি হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেট্রোয় সওয়ার হওয়ার পর এক দিকে যেমন মোদীকে ধন্যবাদ জানালেন, তেমনই রাজ্য সরকারকে নিশানা দাগলেন বিজেপি রাজ্য সভাপতি। প্রকল্প বাস্তবায়নে দেরির জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করলেন সুকান্ত মজুমদার। এমনকি এক্ষেত্রে টেনে এনেছেন বাম জমানার বুদ্ধ ভট্টাচার্যের প্রসঙ্গ।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ক্রেডিট নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা মেট্রো নিয়ে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, শিয়ালদা মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে কেন এত দেরি হল? তাঁর অভিযোগ কেন্দ্রের ঘাড়েই এই প্রকল্পের সব ভার চাপিয়ে দিয়েছিলেন সেই সময়ের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যে মেট্রো রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ হয় কিন্তু পশ্চিমবঙ্গে তা হয় না। তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সেই সব রাজ্যে মেট্রোর কাজে ৫০ শতাংশ টাকা দেয় কেন্দ্র ও ৫০ শতাংশ টাকা দেয় রাজ্য। উদাহরণ টেনে সুকান্ত মজুমদার বলেন, উত্তর প্রদেশে গোরক্ষপুর মেট্রোর কাজ মাত্র ২ বছরে শেষ হয়েছে। কারণ সেখানে যোগী সরকার সেই প্রকল্পের জন্য ৫০ শতাংশ টাকা দিয়েছে এমনকি কংগ্রেস শাসিত রাজ্যেও তাই হয়েছে। অথচ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার কিছুই করেনি। কর মাফ করাটাকেই তৃণমূল সরকার মনে করে মেট্রো রেল প্রকল্পে অবদান রাখা।

দিন কয়েক আগেই শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই প্রকল্পের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তৃণমূল পাল্টা দাবি করেছিল এই প্রকল্প মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তখন সিপিআইএম মনে করিয়ে দিয়েছিল ২০০৯ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *