আইআইটি খড়্গপুরের গেটের সামনে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’র প্রতিবাদ সভা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর:
এবছর জাতীয় আয়ুর্বেদ দিবসকে উপলক্ষ্য করে আইআইটি (খড়্গপুর)-এর সেন্টার অফ এক্সিলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উদ্যোগে ৪ ও ৫ নভেম্বর রাজারহাট আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে “আয়ুর্ধারা” শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধন করতে আধ্যাত্মিক গুরু শ্রী রবিশঙ্কর ও বাবা রামদেব আমন্ত্রিত হয়েছেন।

ইদানিং সরকার নতুন শিক্ষানীতি থেকে নবজাগরণের চিন্তাকে উপড়ে ফেলতে চাইছে। প্রাচীন ঐতিহ্যের নামে বিজ্ঞানের মোড়কে অধ্যাত্মিক উগ্র চিন্তার প্রসার ঘটাতে চাইছে। বৈজ্ঞানিক মননশীলতাকে ধ্বংস করতে চাইছে। কুযুক্তির আড়ালে এদেশের প্রাচীনকালের সত্যিকারের গরিমার বদলে ভ্রান্ত পশ্চাত্যমুখী ধারণার প্রচার করছে। একেই ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ বলে দাবি করছে। স্বভাবতই, আইআইটির পক্ষ থেকে এমন দুই গুরুর আমন্ত্রিত হওয়া ইঙ্গিত করে এই কর্মসূচিটিও সেই লক্ষ্যেই আয়োজিত হয়েছে। তাছাড়া সাম্প্রতিককালে, ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’ নিয়ে কেন্দ্রে আসীন সরকার, সরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে অপবিজ্ঞান প্রচার এবং প্রসারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর তীব্র প্রতিবাদ করছি। এই উদ্দেশ্যেই আজ
আইআইটি খড়্গপুর গেটের সামনে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’র পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি’র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক দেবাশীষ আইচ, সহ-সভাপতি শিক্ষক তপন দাস। এছাড়াও আইআইটি এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকরাও এই প্রতিবাদ সভাতে সামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *