পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ অক্টোবর: মুহূর্তের মধ্যে আনন্দ বদলে গেল বিস্বাদে! হঠাৎই পা পিছলে জলপ্রপাতের গভীর খাদে পড়ে যায় সাত বছরের ছোট্ট ছেলে। ছেলেকে উদ্ধারে ঝাঁপ দেন মা। মা ও সন্তানকে উদ্ধারের জন্য বাবাও ঝাঁপ দেন। ছেলেকে তুলে ডাঙায় আনতে পারলেও স্ত্রীকে তুলে আনতে পারেননি ওই ব্যক্তি।

নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের যৌথ দল। ঝাড়গ্রামের বেলপাহাড়ি ঘাগরা জলপ্রপাতের এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটক মহলে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ মহিলার নাম প্রীতি দত্ত (৩৪)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এসডিপিও অয়ন সাধু ও বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়। জল থেকে উদ্ধার করা সাত বছরের ছেলেটিকে তড়িঘড়ি বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

