ভোটের কড়া প্রস্তুতিতে সীমান্ত সিল, চলছে নাকা চেকিং

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ মার্চ: শনিবার শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ। এজন্য সিল করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ওড়িশা ঝাড়খন্ড সীমান্ত। আগামীকাল ভোট গ্রহণের জন্য শুক্রবার ডিসিআরসি থেকে ইভিএমের সাথে ইন্ট্রারেড থার্মোমিটার নিয়ে ভোট কর্মীরা রওনা দিয়েছেন।

রাত পোহালেই ২০২১ বাংলা দখলের প্রথম দফার লড়াই শুরু হচ্ছে। এজন্য প্রশাসন এবং পুলিশ বিভাগে জোর তৎপরতা লক্ষ্য করা গেছে। জানা গেছে, জেলা গুলির ডেসপ্যাচিং সেন্টার এন্ড রিসিভিং সেন্টারগুলি থেকে ইভিএম ও ভিভি প্যাড মেশিন সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছেন প্রান্তিক এলাকার বুথগুলির ভোট কর্মীরা। সঙ্গে রয়েছে ইন্ট্রারেড থার্মোমিটার, মাস্ক আর স‍্যানিটাইজার। এবার পূর্বের যাবতীয় রেকর্ড ভেঙ্গে মোট ৮ দফায় ভোট হচ্ছে বাংলায়। আর তারমধ্যে প্রথম দফায় ভোট হচ্ছে পাঁচটি জেলায়। এই পাঁচটি জেলা হল দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। এই ৫টি জেলার মোট ৩০টি আসনের জন্য শনিবার, ২৭ মার্চ সকাল ৬টা থেকে ভোট গ্রহণ করা হবে।  শুক্রবার সকাল থেকে আন্তঃ রাজ্য সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের ঝাড়খন্ড লাগোয়া চিঁচড়া এবং ওড়িশা লাগোয়া হাতিবাড়ি, পশ্চিম মেদিনীপুরের ওড়িশা লাগোয়া দাঁতনের সোনাকনিয়া ছাড়াও পূর্ব মেদিনীপুর লাগোয়া ওড়িশা এবং বাঁকুড়া, পুরুলিয়া লাগোয়া ঝাড়খন্ড সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। জাতীয় এবং রাজ্য সড়কগুলোর ওপারে থমকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী গাড়ি। যেসব জেলায় ভোট গ্রহণ হবে সেইসব জেলাতে প্রতিটি গাড়িতে চলছে নাকা চেকিং।

এই পর্যায়ে পশ্চিম মেদিনীপুরের প্রথম পর্যায়ের ৬টি বিধানসভা কেন্দ্র দাঁতন, কেশিয়াড়ী, খড়্গপুর, মেদিনীপুর, শালবনী ও গড়বেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৫ জন প্রার্থী। বুথ রয়েছে ২০৮৯টি। এই বুথের সম্মিলিত ভোটারের সংখ্যা ১৪লক্ষ ৮৬ হাজার ৭০৮ জন। সর্বমোট ৮৩৫৬জন ভোট কর্মী নিযুক্ত হয়েছেন ভোট গ্রহণের জন্য। ১২৪ কোম্পানী বাহিনীর জওয়ান মোতায়েন করা হচ্ছে। সঙ্গে থাকছে রাজ্যের পুলিশও। বিভিন্ন পর্যায়ের মোট ৬ জন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক থাকছেন ভোট পরিচালনা ও নজরদারির জন্য। যেকোনো  অনিয়ম বা অসুবিধা হলে এঁদের সঙ্গে যোগাযোগ করতে করতে পারবেন ভোটাররা।

পর্যবেক্ষক (সাধারণ) গোপালবন্ধু সতপথী (৯৪৩৭১০১০২২) – খড়্গপুর, সুশীল কুমার (৯৪১২০৫০০০৯)– দাঁতন ও কেশিয়াড়ি

রঞ্জিৎ কুমার সিংহ (৮৩৯৫৮৮৯৩১১) – গড়বেতা ও শালবনী।
মহেন্দ্র কুমার পরখ (৯৪১৪২৫৩৫৪২) – মেদিনীপুর

পর্যবেক্ষক (পুলিশ)
টি কেন্ডাসামী (৯৯৪০০৭৭২৩৪) – দাঁতন, কেশিয়াড়ী ও খড়্গপুর।
জি আখেটো সেমা (৮১১৯৮৯১৩৪২) – মেদিনীপুর, শালবনী ও গড়বেতা। ভোটার থেকে প্রার্থী, প্রিসাইডিং অফিসার সবার জন্যই এঁদের ফোন ২৪ঘন্টা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *