বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফ্যান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে বিতর্কের মুখে পড়লেন বিএমওএইচ ও বিডিও

সাথী দাস, পুরুলিয়া, ১৭ মে: ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফ্যান বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করে বিতর্কের মুখে পড়লেন বিএমওএইচ ও বিডিও। পুরুলিয়ায় বাঘমুন্ডি প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান গ্রামবাসীরা। ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয় স্বজনরা। গত শুক্রবার স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বিএমওএইচ ও বিডিওর সই করা ওই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, “পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওয়ার্ডের মধ্যে ফ্যান সকাল ৫ টা থেকে সকাল আটটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বন্ধ থাকিবে। কারণ ২৪ ঘন্টা চললে খারাপ হয়ে যায়।

জানা গিয়েছে, পুরুষ ও মহিলা বিভাগে মোট ২৪ টি ফ্যান রয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রে। গত এক সপ্তাহ আগে থেকে কয়েকটি ফ্যান বিকল হতে শুরু করে। গত শুক্রবার পর্যন্ত মোট ১২ টি ফ্যান খারাপ হয়ে যায়। তার পরই ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বিজ্ঞপ্তি জারি হয়। তীব্র গরমে সারা দিনে মোট ৫ ঘন্টা ফ্যান বন্ধ থাকায় সমস্যায় পড়ে যান চিকিৎসাধীন রোগীরা। 

খবর পেয়ে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান বিধায়ক সুশান্ত মাহাতো। বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল সরজমিনে খতিয়ে দেখে ওই বিজ্ঞপ্তি তুলে ফেলান তিনি। তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন। জানা গিয়েছে, হাসপাতালের শৌচালয়, ফ্যান, বেড, পানীয় জল সহ হাসপাতালের বিভিন্ন সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ ও বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, বাঘমুন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মানস মেহেতাকে নিয়ে বৈঠক করেন তিনি। হাসপাতালের যা কিছু সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধানের আশ্বাস দেন বিধায়ক।

হাসপাতালের ফ্যান বন্ধ নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বিষয়টি খোঁজ নেওয়ার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *